মাদক ও অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত মিয়ানমারের এক ব্যবসায়ীর ব্যাংকক অ্যাপার্টমেন্টে অভিযানের সময় দেশটির জান্তা প্রধানের ছেলে-মেয়ের নামে থাকা সম্পদের নথি খুঁজে পেয়েছেন থাই কর্মকর্তারা। একটি সরকারী রেকর্ড এবং এই বিষয়ে সংশ্লিষ্ট জ্ঞান আছে এমন দুই ব্যক্তির বরাতে এই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মিয়ানমারের ব্যবসায়ী তুন মিন লাটের বাড়িতে অভিযান চালায় থাই কতৃপক্ষ। যাকে মাদক এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগে তিন থাই নাগরিকের সাথে গত সেপ্টেম্বরে থাই রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযানের সময় থাই কর্মকর্তারা, মিন অং হ্লাইং-এর ছেলে অং পাই সোনে এবং তার মেয়ে খিন থিরি থেট মন নামের দলিল এবং ব্যাংকবুকগুলো খুঁজে পায়।
হোটেল, জ্বালানি এবং খনির বিষয়ে আগ্রহ থাকা তুন মিন লাট জান্তা প্রধান মিন অং হ্লাইং-এর ঘনিষ্ঠ সহযোগী, যিনি ২০২১ সালের মিয়ানমারের ক্ষমতা দখল করেছিলেন। ২০১৯ সালে একটি অস্ত্র মেলায় একসঙ্গে দেখা যায় ৷ বিষয়টির জ্ঞান থাকা তিনটি সূত্র গত বছর রয়টার্সকে বলেছিল, তুন মিন লাট সামরিক বাহিনীর জন্য অস্ত্র সংগ্রহের কাজ করতেন।
তুন মিন লাট বর্তমানে কারাগারে রয়েছেন এবং এবিষয়ে মন্তব্যের জন্য তার আইনজীবীর সাথে যোগাযোগ করা যায়নি।
মিন অং হ্লাইংয়ের ছেলে অং পাই সোনে এবং তার মেয়ে খিন থিরি থেট মন, যারা তাদের বাবার সাথে যুক্তরাষ্ট্র এবং কানাডা নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন, তারাও মন্তব্যের রয়টার্সের অনুরোধের জবাব দেননি।
মন্তব্যের জন্য তাদের বাবা মিন অং হ্লাইংয়ের সাথেও যোগাযোগ করা যায়নি, এবং মিয়ানমারের সামরিক জান্তার কাছে বার্তার উত্তর পাওয়া যায়নি।
এদিকে, তুন মিন লাটের বাড়ি থেকে সম্পত্তির দলিল পাওয়া তার এবং মিয়ানমারের জান্তা প্রধানের পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। তবে থাই সরকারের পক্ষে মিন অং হ্লাইং-এর দুই সন্তানের সম্পত্তির বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছেন মামলার বিষয়ে জানা দুই ব্যক্তি। তাদের দাবি, থাই কর্তৃপক্ষ তাদের তুন মিন লাটের বিরুদ্ধে তদন্তের জন্য প্রাসঙ্গিক বিবেচনা করেনি।
এদিকে জাস্টিস ফর মায়ানমার অ্যাক্টিভিস্ট গ্রুপের একজন মুখপাত্র বলেছেন, দলিল উদ্ধার এটিই ইঙ্গিত দেয় যে মিন অং হ্লাইং-এর পরিবার থাইল্যান্ডে সম্পদ লুকিয়ে রেখেছিল।
মুখপাত্র থাই সরকারকে জান্তা প্রধান এবং এর সদস্যদের থাই ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং মিয়ানমারের জনগণের সম্পত্তি চুরি করা থেকে আটকানো জন্য জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন