দাদা জবানী সরদারের ইচ্ছা ছিল নাতি যেন হেলিকপ্টারে করে নাত বউকে ঘরে আনে। বৃদ্ধ দাদার শখ পূরণ করলেন নাতি প্রকৌশলী আশিকুর রহমান পাপ্পু। তিনি শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকায় বিয়ে করে বিকেলে নববধূকে নিয়ে নিজ বাড়ি পাবনার সুজানগরে ফেরেন।
নাতি আশিকুর রহমান পাপ্পু পেশায় প্রকৌশলী। তিনি সুজানগর উপজেলার চরসুজানগর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। আর কনে মোছা. জিম খাতুন ঢাকার মিরপুর নূরানী মাদ্রাসার অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার আড়িয়াডাঙ্গি গ্রামের টুটুল শেখের মেয়ে।
বরের নিকটাত্মীয় হেলাল উদ্দিন জানান, আশিকুরের বৃদ্ধ দাদা মো. জবানী সরদারের ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারে এ বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আশিকুর ও তার বৌকে বহনকারী হেলিকপ্টারটি শুক্রবার বিকাল ৪টার দিকে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। বরযাত্রীরা যাতায়াত করেছেন মাইক্রোবাসে।
বিয়ের বরযাত্রী সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব জানান, বর প্রকৌশলী আশিকুর রহমান পাপ্পু চরাঞ্চলের বাসিন্দা। তারপরও বৃদ্ধ কৃষক দাদার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে বৌকে ঘরে এনেছেন। তিনি এলাকার সবাইকে চমকে দিয়েছেন।
স্থানীয়রা জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা চর-সুজানগর এলাকাতে এটিই প্রথম। হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনে উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উৎসুক লোকজন হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় করেন। গ্রামবাসীর মধ্যে এ সময় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
বর প্রকৌশলী আশিকুর রহমান পাপ্পু জানান, বিয়ে জীবনে একবারই হয়। এছাড়া দাদার শখ আর তার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি জানান, ঢাকা থেকে প্রায় ১ লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেছিলেন।
মন্তব্য করুন