দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। যমুনা নদীতে কুয়াশা কমে যাওয়ায় আজ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল চালু হওয়ায় ঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনগুলো পার করা হচ্ছে।
রোববার (১৫ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, শনিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে যমুনা নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অষ্পষ্ট হয়ে মাঝ নদীতে বেগম রোকেয়া নামের ফেরিটি আটকা পড়ে। পরে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা-কাজিরহাট নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ বলেন, নদীতে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি বন্ধ থাকায় উভয় ফেরিঘাট মিলে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষমান ছিলো। তবে ফেরি চালুর পর থেকে ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।
তিনি আরও জানান, আরিচা-কাজিরহাট নৌপথে চারটি ফেরি চলাচল করছে।
মন্তব্য করুন