দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার পাঁচশত মিটার (১০টি) অবৈধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৩ নভেম্বর) সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে ভোর রাত ৩ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ, উত্তর মাদার্শার বিভিন্ন অংশ ও রাউজান সীমান্তের বিভিন্ন অংশে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে পাঁচ হাজার মিটারের ১০টি অবৈধ চর ঘেরা জাল জব্দ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো.আমিনুল ইসলাম। আইডিএফ মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ ও হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ। অভিযান পরিচালনার সময় সাথে থেকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান সময়ের আলোকে বলেন, হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন