সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় নিজের ছেলেকে পুলিশে দিয়েছেন এক বাবা। বুধবার সকালে অভিযুক্ত ছেলে অভি দাসকে জামালগঞ্জ থানা হেফাজতে দেন বাবা বিমল দাস। গতকাল সকালে ভুল স্বীকার করে ক্ষমা চাইলে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তাকে। অভি দাস উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে গত মঙ্গলবার ফেসবুকে পোস্ট দেন অভি দাস নামের এক যুবক। লেখেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই। যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আপনারা ভুলবেন না সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধের জন্ম দিয়েছিল আমাদের সনাতনীরা। আমরা অলটাইম প্রস্তুত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে। কারণ আমরা রাম সেনা, রাম রাম।’
তার এই পোস্টে গত মঙ্গলবার রাতে স্থানীয় মুসল্লিরা সাচনা বাজারে অভির বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং অভি দাসকে গ্রেপ্তারের দাবি জানান। এর জেরে বুধবার সকালে অভিযুক্ত অভি দাসকে তার বাবা বিমল দাস জামালগঞ্জ থানায় হস্তান্তর করেন।
এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে উপজেলার আলেম-ওলামা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা সম্প্রীতি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত হয়ে অভিযুক্ত অভি দাসের বাবা বিমল দাস তার ছেলের ভুল হয়েছে স্বীকার করে, ছেলেকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান। গতকাল সকালে দুই সম্প্রদায়ের নেতারা থানায় গেলে অভি দাসও উপস্থিত সবাইকে বলেন, ফেসবুকে পোস্ট দেওয়া তার ভুল হয়েছে। শেষে মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পান অভি।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ ম কামাল হোসাইন বলেন, বিষয়টি উপজেলার আলেম-ওলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতারা বসে সমাধান করেছেন বলে আমাকে অবহিত করলে মুচলেকা রেখে অভি দাসকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
মন্তব্য করুন