‘আমেরিকান ফিল্ম মার্কেট’-এ প্রিমিয়ার হয়েছে বাংলাদেশের সিনেমা ‘নীলচক্র: ব্লু সার্কেল’। এছাড়া সিনেমাটি সৌদি আরব ও চীন তাদের দেশে দেখানোর আগ্রহ দেখিয়েছে।
এসব দেশের পরিবেশক সংস্থা নীলচক্র নিজ ভাষায় ভাষান্তর করে সেটি মুক্তি দিতে চান বলে জানিয়েছেন এ সিনেমার নির্মাতা মিঠু খান। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৫-১০ নভেম্বর পর্যন্ত আমেরিকান ফিল্ম মার্কেটের আসর বসেছিল। প্রতি বছর নভেম্বরে এ মার্কেট বসে। এটি বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, বিক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য একটি বড় প্লাটফর্ম। যেখানে তারা চলচ্চিত্র কেনাবেচা ও প্রজেক্টের অর্থায়ন নিয়ে আলোচনা করতে একত্র হয়। আমাদের নীলচক্রও ইন্টারন্যাশনাল সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এভাইল এন্টারটেইনমেন্টের মাধ্যমে আমেরিকান ফিল্ম মার্কেটে গেছে।’
মিঠু জানিয়েছেন, ৮ নভেম্বর নীলচক্রর প্রিমিয়ার হয়েছে। দর্শক ও সমালোচকের প্রশংসা পেয়েছে সিনেমাটি। পাশাপাশি সৌদি ও চীন এ সিনেমা নিতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে কবে মুক্তি পাবে প্রশ্নে মিঠু বলেন, ‘পরিবেশ স্বাভাবিক হলেই আমরা নীলচক্র মুক্তির ঘোষণা দেব। দেশের পরিস্থতি এখনো অনুকূল মনে হচ্ছে না।’
নীলচক্র সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। আরিফিন শুভ প্রধান চরিত্রে অভিনয় করলেও সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী বালাম। অভিনয়ের পাশাপাশি সিনেমাটিতে একটি গানও গেয়েছেন তিনি।
থ্রিলার গল্পের সিনেমা নীলচক্র। গল্প প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, গল্পটা আমাদের খুবই পরিচিত। সবার পরিবারেই এমন একটা গল্প থাকে। পরিবারের একজনের আকস্মিক দুর্ঘটনার প্রভাব যে পুরো পরিবারের ওপর পড়ে, তারই গল্প এটি। আছে প্রযুক্তির ফাঁদের গল্প।’
সিনেমায় আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, পারভীন পারু, আয়মান শিমলা, ডলার। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন নাজিম উদ দৌলা। গত মে মাসে প্রকাশ পায় সিনেমাটির ফার্স্টলুক পোস্টার, যা বেশ সাড়া ফেলে।
মন্তব্য করুন