কুষ্টিয়া প্রতিনিধ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে হৃদয়বিদারক এক ঘটনার জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ (২২) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা ৩০ মিনিটে পুকুরে লাশ ভেসে উঠলে তা ছাত্রদের নজরে আসে এবং তারা দ্রুত প্রশাসন ও পুলিশকে অবহিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাজিদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র হিসেবেও ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শাহেদ বলেন, “লাশটি দেখে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, এটি কয়েক ঘণ্টা পানির নিচে ছিল। সে জীবিত নেই বলেই আমরা মনে করছি। তবে চূড়ান্ত নিশ্চিত হওয়ার জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঘটনার বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত লাশটি উদ্ধার করি। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলেও চিকিৎসকেরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে না পারায় লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা হতবাক ও শোকাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই ঘটনাটি গভীরভাবে তদন্ত শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উদঘাটনে সব ধরনের সহায়তা প্রদান করা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাজিদ আব্দুল্লাহর মৃত্যু রহস্য, দুর্ঘটনা নাকি অন্য কিছু—এ নিয়ে ক্যাম্পাসে চলছে আলোচনা ও উৎকণ্ঠা। সকলের প্রত্যাশা, দ্রুতই প্রকৃত সত্য উদঘাটিত হবে।
মন্তব্য করুন