যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের মনোনীত প্রশাসন এবং হোয়াইট হাউস দলের বেশ কয়েকজন সদস্যের ওপর বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে, তারা ‘অসংখ্য বোমা হামলার হুমকি’ এবং এ বিষয়ে মিথ্যা ফোনকলের তথ্য পেয়েছে। টার্গেটকৃত বাড়িতে পুলিশের উপস্থিতি যাচাই করতে এই ভুয়া ফোনকল করা হয়েছিল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, ট্রাম্প কর্তৃক মনোনীত প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম বিভাগের সদস্যদের কমপক্ষে নয়জনকে লক্ষ্য করে এই হুমকি দেয়া হয়েছে। পাশাপাশি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের জন্য বাছাই করা এক ব্যক্তিকেও হুমকি দেয়া হয়। মঙ্গলবার ও বুধবার রাতে এই হুমকির ঘটনা ঘটে। ইতিমধ্যেই হুমকির বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।
ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্পের নিযুক্ত ব্যক্তি ও তাদের সঙ্গে বসবাসকারী ব্যক্তিরা হিংসাত্মক ও অ-আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু হয়েছেন। তিনি আরও বলেন, মনোনীতদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনপ্রয়োগকারী সংস্থা দ্রুত কাজ শুরু করেছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে উদাহরণ হিসেবে উল্লেখ করে ক্যারোলিন বলেন, সহিংসতার ভয় প্রদর্শন আমাদের জন্য বাধা হবে না। তদন্তের স্বার্থে ক্যারোলিন বা এফবিআই হুমকি পাওয়া কোনো ব্যক্তির নাম প্রকাশ করেনি।
নিউইয়র্কের রিপাবলিকান সদস্য এলিস স্টেফানিককে ট্রাম্প জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। তিনি জানিয়েছেন, এ সময় তিনি তার স্বামী ও তিন বছরের ছেলেকে নিয়ে থ্যাংকসগিভিং পালন করতে ওয়াশিংটন থেকে নিউইয়র্কে আসছিলেন।
ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তাকে এক্সে এই হুমকি দেওয়া হয়। তিনি বলেন, পুলিশের এক কর্মকর্তা গতকাল সকালে তার বাড়িতে এসেছিলেন। সে সময় তার সাত সন্তান বাড়িতে ঘুমিয়েছিলেন। পুলিশ তাকে পাইপ বোমা হামলার হুমকির তথ্য জানান।
একই ধরণের বোমা হামলার হুমকির কথা জানিয়েছেন ট্রাম্পের মনোনয়ন পাওয়া আরেক ব্যক্তি। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক লি জেলডিন। তিনিও বাড়িতে পাইপ বোমা হামলার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, হুমকির সঙ্গে ফিলিস্তিনপন্থী বার্তাও জুড়ে দেওয়া হয়েছে। লি জেলডিন বলেন, তিনি ও তার পরিবারের সদস্যরা হুমকি পাওয়ার সময় বাড়িতে ছিলেন না। দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি স্থানীয় কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ট্রাম্পের প্রশাসনে কৃষিমন্ত্রী পদে মনোনীত ব্রুক রোলিন্স, আবাসনমন্ত্রী পদে মনোনীত স্কট টার্নার ও শ্রমমন্ত্রী পদে মনোনীত লোরি শাভেজ-ডিরেমারকেও একইভাবে পাইপ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া হুমকি পেয়েছেন ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। হুমকির এ বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
মন্তব্য করুন