কড়াইলবাসীর থাকার কষ্ট দূর করতে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট বানিয়ে দেয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া, সমাধান করা হবে বাসিন্দাদের স্বাস্থ্য, শিক্ষাসহ নাগরিক সব সমস্যা। এসব পরিকল্পনা বাস্তবায়নে কড়াইলবাসীর দোয়া চেয়েছেন বিএনপির চেয়ারম্যান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এ প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, ঐক্যবদ্ধ থাকলে সব সমস্যার সমাধান করা যাবে।
এ সময় কড়াইল বস্তি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, আজকে আপনাদের সামনে একটি কথা বলতে চাই– জানি না এটা নির্বাচনি আচরণবিধিতে পড়বে কি না বা কেউ ষড়যন্ত্র করবে কি না। কিন্তু আমি যা করতে চাই, আল্লাহর রহমত নিয়ে করতে চাই। আপনাদের যদি দোয়া থাকে, তবে আমি কয়েকটি কাজ করতে চাই। প্রিয় কড়াইলবাসী, আমি শুনেছি আপনারা এখানে থাকার জন্য অনেক কষ্ট করছেন। সেই কষ্টের সমস্যার সমাধান আমরা ধীরে ধীরে করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করে দিতে চাই। এখানে যারা থাকেন, তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামেই দিতে চাই। এখানকার আদিবাসী বা যারা বহু বছর ধরে আছেন, তাদের কাছে এগুলো হস্তান্তর করতে চাই যাতে ঢাকা শহরের মতো জায়গায় এই এলাকার মানুষের একটি মাথা গোঁজার ঠাঁই হয়।
দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মন্তব্য করুন